মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দি ৬ নং ওয়ার্ড এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী হত্যা মামলার রহস্য দ্রুততম সময়ে উদঘাটন করেছে পুলিশ ও র্যাব-৮। ক্লুলেস এই হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতারের পাশাপাশি ভিকটিমের ব্যবহৃত অলংকার ও আলামত উদ্ধার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৯ আগস্ট ১১টার দিকে শিবচরের বাখরের কান্দি গ্রামের খান বাড়ির মাদ্রাসার বিপরীতে ঝোপের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। শুরুতেই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। খবর পেয়ে নিহত নারীর বাবা নাটোর জেলার লালপুর থানার ছামরুল ইসলাম শিবচর থানায় এসে মরদেহটি তার বড় মেয়ে শাম্পা খাতুন (২০)-এর বলে শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে মাদারীপুর সদরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সাথে শাম্পার বিয়ে হয়। তাদের এক বছরের আবির নামে একটি পুত্র সন্তান রয়েছে। ১৯ আগস্ট বিকেলে লালপুরে বসে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে শাম্পার মৃত্যুর খবর পান তার বাবা। পরবর্তীতে জানতে পারেন, শাম্পার সাথে থাকা ১ বছরের শিশু আবিরও নিখোঁজ রয়েছে।
এই ঘটনায় ২০ আগস্ট শাম্পার বাবা বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র্যাব-৮ যৌথ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ফারুকের অবস্থান নিশ্চিত হয়ে তার বাসায় তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে ফারুকের হেফাজত থেকে নিহত শাম্পার ব্যবহৃত স্বর্ণের নাকফুল, রূপার চেইন, এক জোড়া জুতা এবং বাসার চুলা থেকে আংশিক পোড়ানো ওড়না উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফারুক স্বীকার করে যে, সে শাম্পাকে হত্যার পর তার ১ বছরের শিশু সন্তান আবিরকে আড়িয়াল খাঁ ব্রীজ থেকে নদীতে ফেলে হত্যা করেছে। নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের বলেন, জেলাজুড়ে হত্যা, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধীদের বিরুদ্ধে তাদের আইনগত কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available