লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
৮ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সংলগ্ন সীমান্ত মেইন পিলার ৮৭৪ থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম এলাকায় ৬-৭ জন চোরাকারবারি প্রবেশ করে। এসময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় আলী হোসেন (৪০) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার অন্তর্গত মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনায় বিজিবির ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available