অনলাইন ডেস্ক: টানা ১৩ দিন বন্ধ থাকার পর বান্দরবান-রাঙামাটি সড়কে ২৫ জুলাই শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় গত ১২ জুলাই থেকে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ শেষে শনিবার থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
তিনি জানান, ভেঙে যাওয়া অংশের পুনর্নির্মাণ কাজ ২৩ জুলাই বৃহস্পতিবার রাতেই শেষ হয়। পরদিন ২৪ জুলাই শুক্রবার পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোত এলাকায় একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুর ওপর আঘাত হানে। এতে সেতুর একাংশ ধসে পড়ে এবং সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।
এদিকে বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙামাটিগামী এবং রাঙামাটি থেকে বান্দরবানগামী যাত্রীবাহী বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনো সড়ক চালুর খবর না জানায় প্রথম দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available