নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, চোর, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
৩ অক্টোবর শনিবার জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ৯৮ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ১ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য আইনে ৭ জন রয়েছেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানায় ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ২১২টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ছয় মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় চারজন রয়েছেন।
ফতুল্লা মডেল থানায় ৪০টি ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৮ মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য আইনে একজনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৩০টি ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১২ মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার পাঁচ আসামিসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় ছয় মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ সাতজন, সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৫০টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ১৩ মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া রূপগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, তিন মাদকসেবী ও অন্যান্য আইনে দুজনসহ সাতজন এবং আড়াইহাজার থানায় অন্যান্য আইনে একজনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available