জয়পুরহাট প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
১৮ জুলাই শনিবার জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগ, জয়পুরহাটের যৌথ আয়োজনে এবং সামাজিক বন বিভাগ, বগুড়ার সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
অনুষ্ঠানে উদ্বোধন ও বিশেষ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এছাড়াও বন বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী ২৭ জুলাই পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available