নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটে এবার ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পর নতুন করে আলোচনায় এসেছে ক্ষ্যাপাটে মহিষ ‘নেতানিয়াহু’। গোলাপি রঙের অ্যালবিনো জাতের এ মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ দূর থেকে দাঁড়িয়ে শুধু তার “রাগী লুক” দেখেই মজা নিচ্ছেন।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে থাকা এই মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজি।


খামারি রাখালরা জানান, মহিষটির স্বভাব এতটাই বদমেজাজি যে খাবার দিতে গেলেও সে শিং উঁচিয়ে “যুদ্ধ ঘোষণা” করে বসে। এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে “নেতানিয়াহু”।

খামার পরিদর্শনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিষটিকে দেখছেন। কেউ কেউ হাসতে হাসতে বলছেন, “মহিষটা এমন ভাব নিচ্ছে যেন পুরো খামারের নিরাপত্তা তার হাতেই!” আবার অনেকে বলছেন, “চোখ-মুখের এক্সপ্রেশন আর চুলের স্টাইল দেখলে সত্যিই নেতানিয়াহুর কথা মনে পড়ে।”
দর্শনার্থী সরকারি তোলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান রাদিব জানান, ফেসবুকে নাম শুনে দেখতে এসেছি। কাছে যেতেই এমন তাকাইছে, মনে হলো এখনই গুঁতো দিবে! পুরো যুদ্ধ যুদ্ধ ভাব।
আরেক নারী দর্শনার্থী রিজিয়া বলেন, মহিষটার মেজাজ খুব গরম। খামারিরা আদর করতে গেলেও উল্টো তেড়ে আসে।
খামারের কর্মী আল আমিন জানান, দিনে দুইবার গোসল, পুষ্টিকর খাবার আর বিশেষ যত্নে বড় করা হচ্ছে মহিষটিকে। তবে তার কাছে যেতে সবাই একটু ভয়ই পান।
ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, চুলের সিঁথি, চোখের চাহনি আর রাগী আচরণের কারণেই মহিষটির নাম রাখা হয়েছে “নেতানিয়াহু”।
তিনি বলেন, “ছোট থেকেই একটু দুষ্টু। রাখালদেরও তেড়ে আসে। তবে দেখতে সুন্দর হওয়ায় সবাই পছন্দ করছে।”
খামার কর্তৃপক্ষ জানায়, লাইভ ওজনে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির দাম ধরা হয়েছে। তারা আশা করছেন, কোরবানির আগেই ‘সেলিব্রিটি মহিষ’টি বিক্রি হয়ে যাবে।
এদিকে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এবার নারায়ণগঞ্জে কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রায় ১০ হাজার পশু বেশি রয়েছে। জেলার বিভিন্ন খামারে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিপুল সংখ্যক পশু প্রস্তুত করা হয়েছে।
প্রসঙ্গত শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয় নারায়ণগঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের মত মাথার চুল, চোখের চাহনি, এমনকি মুখাবয়ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে, ইতিমধ্যে ৫৫০ টাকা কেজি ধরে ঢাকার একজন ক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে কিনে নিয়েছেন। তবে এখনো বিক্রি হয়নি ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available