• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:৪৬:১৪ (13-May-2026)
  • - ৩৩° সে:
ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট

ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে সরকার ও সিটি করপোরেশনগুলো। এবার রাজধানীতে ২৭টিসহ সারা দেশে মোট ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।আরটিভির অনলাইনে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, ইতোমধ্যে হাটগুলোর ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অনেক স্থানে অবকাঠামোগত কাজ শুরু করেছেন ইজারাদাররা। বাঁশ, শামিয়ানা, মাইক ও ছাউনি টানানোর পাশাপাশি হাসিল ঘর, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতিও চলছে।ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টিসহ মোট ২৭টি অস্থায়ী পশুর হাট বসবে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার দেশে পর্যাপ্ত কোরবানির পশুর মজুত থাকায় কোনো সংকটের আশঙ্কা নেই। ব্যবসায়ীরা বলছেন, হাট প্রস্তুতি শেষ হলে আগামী সপ্তাহ থেকে রাজধানীতে পশু আসা শুরু হতে পারে।প্রশাসন জানিয়েছে, হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য।ব্যবসায়ীরা জানান, শেষ মুহূর্তে হাটগুলোতে সাজসজ্জা ও অবকাঠামো কাজ সম্পন্ন করা হবে এবং শুক্রবার থেকে বিভিন্ন হাটে পশু আসা শুরু হতে পারে। ঈদের আগ পর্যন্ত হাটগুলোতে বেচাকেনা জমে উঠবে বলে আশা করছেন তারা।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, এবার যত্রতত্র বা সড়কের ওপর কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। নিয়মের বাইরে কাউকে হাটের ইজারাও দেওয়া হয়নি।তিনি আরও বলেন, ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাটে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে পরিবেশ নষ্ট না হয়।দুই সিটি করপোরেশন জানিয়েছে, এবার পাঁচ দিনব্যাপী পশুর হাটে কেনাবেচা চলবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। ফলে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানা গেছে।