মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড় এলাকার একটি মাছের ঘেরপাড় থেকে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ মার্চ রোববার দিবাগত মধ্যরাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে মরদেহ আনোয়ার ফকিরের মাছের ঘেরে ফেলে যায়। তার মাথায় উপর্যুপরি কুপানোর চিহ্ন এবং ডান হাতের কব্জি কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করেও হত্যা করা হয়েছে। সোমবার সকালে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা ঘেরের পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন।

খবর পেয়ে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত স্থানের পাশে একটি দিয়াশলাই ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকায় উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কিছু কিশোর-যুবকের সঙ্গে আরিফের চলাফেরা ছিল। ওইসব বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া অন্য একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিলেন। মোবাইলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেও হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available