মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মা ও শিশু হত্যার মর্মান্তিক ঘটনায় নিখোঁজ থাকা এক বছরের শিশু আবিরের মরদেহ পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
২৪ আগস্ট সোমবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের চর-কামারকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবির শাহাবুদ্দিন হাওলাদার ও শম্পা খাতুন দম্পতির সন্তান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে অভিযুক্ত ফারুক শিশু আবিরকে আড়িয়াল খাঁ সেতুর ওপর থেকে নদে ফেলে দেয় এবং একই রাতে তার মা শম্পা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। গত ১৯ আগস্ট মাদবরচর ইউনিয়নের উত্তর বাখেরকান্দি ৬ নং ওয়ার্ড খানবাড়ি মাদ্রাসার সংলগ্ন এক ঝোপের কাজ থেকে অজ্ঞাত হিসেবে শম্পা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহত শম্পার বাবা ছামরুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা তদন্তের ধারাবাহিকতায় ২১ আগস্ট শিবচর থানা পুলিশ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করে যে, শিশু আবিরকেও হত্যার উদ্দেশ্যে সে সেতুর ওপর থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছিল। ঘাতকের তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা নদে টানা তল্লাশি চালিয়ে আসছিলেন। সোমবার সকালে নদ থেকে ভাসমান অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ নৃশংস জোড়া হত্যার ঘটনায় শিবচরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ফারুকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয়রা দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঘাতকের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available