লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দু’টি করাতকলে (স মিল) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
২৩ আগস্ট রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে যথাযথ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে সদর উপজেলার জকসিন ও চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় এ অভিযান চালানো হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ব্যবসায়িক নিয়মকানুন সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে লক্ষ্মীপুর জেলা বনবিভাগ, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available