ডেস্ক রিপোর্ট: চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ অক্টোবর শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
অভিযানটি সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালিত হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে ইলিশ মজুতের অপরাধে বড় স্টেশন মাছঘাটের দুই আড়তদার মো. সেলিম ও মো. রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সকাল ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available