ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
২৪ আগস্ট সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নির্ধারিত এলাকায় বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ২৬ আগস্ট রাত ১২টা থেকে নির্ধারিত এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকর ও দূষণীয় পদার্থ বহন এবং যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত।
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাতেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
অন্যদিকে রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও এর অন্তর্ভুক্ত।
ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ সময়ে এসব এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।
সংসদ অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available