নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০০ গ্রাম সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামে হজ কাফেলার এক মোয়াল্লেমকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।


পুলিশ জানায়, গ্রেফতারকালে তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম সোনা (মূল্য ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা), ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়।

মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা। তিনি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে দেশে ফেরেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হয় এবং তার কাছ থেকে এসব সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ দেশে আনতেন এবং দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের রিসিভার হিসেবে কাজ করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এপিবিএন সক্রিয় রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available