ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাড়ি থেকে এরশাদুল হক রতন (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে জানালা খুলে ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের নুরজাহান রোডের ডি ব্লকের ভি-২১ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে রনি নামে এক ব্যক্তি মোবাইল ফোনে খবর দেন, ওই বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাইরে থেকে একটি জানালার পাল্লা খুলে ঘরের ভেতরে দরজা বন্ধ অবস্থায় রতনের মরদেহ দেখতে পায় পুলিশ।
পরে তাঁর ছোট ভাই রঞ্জু ঘটনাস্থলে এলে তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।
এরশাদুল হক রতন ওই বাড়ির মালিক ও স্থায়ী বাসিন্দা ছিলেন। তাঁর বাবা আব্দুল কাইয়ুম মন্ডল অনেক আগে মারা গেছেন। স্বজন ও পুলিশের কাছ থেকে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে মা মারা যাওয়ার পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। এর আগে মায়ের সঙ্গে বসবাস করতেন তিনি।
রতনের ছোট ভাই রঞ্জু জানান, তাঁর বড় ভাই দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। সম্প্রতি তাঁর হৃদরোগ ধরা পড়ে। স্ত্রী রত্না বেগম ও একমাত্র মেয়ে আরিয়ানা প্রায় ১০ থেকে ১২ বছর ধরে রংপুরে বসবাস করছেন। রত্না সেখানে শিক্ষকতা করেন। আরিয়ানা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, খবর পাওয়ার পর রতনের স্ত্রী ও মেয়েকে ঢাকায় আসতে বলা হলেও তাঁরা বিভিন্ন ব্যস্ততার কথা জানিয়ে তাৎক্ষণিকভাবে আসতে পারেননি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, সুরতহাল শেষে এরশাদুল হক রতনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available