• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২২:৪১ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৭:৩৪

প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজধানীর একজন সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হলো ঢাকা–১৭ ও বগুড়া–৬।

Ad

১৬ ফেব্রুয়ারি সোমবার তিনি ঢাকা–১৭ আসনটি রেখে বগুড়া–৬ আসন ছেড়ে দিতে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তারেক রহমানের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষনা করেছে। ফলে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমান ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

Ad
Ad

নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। প্রথা অনুযায়ী দলের প্রধান হিসেবে তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। আর তার প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রথম রাজধানী ঢাকা শহরের একজন সংসদ সদস্য হতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী।

এর আগে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে মাত্র দুজন সংসদ নির্বাচনে ঢাকা শহর থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান ও খালেদা জিয়া। শেখ মুজিব ১৯৭৩ সালের নির্বাচনে ঢাকার সূত্রাপুর ও কোতোয়ালি এলাকা থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। সে নির্বাচনে তিনি দেশের বিভিন্ন এলাকার আরও তিনটি আসনে নির্বাচন করে জয় পান। পরে তিনি নিজের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসন রেখে বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে, খালেদা জিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৫ (বর্তমানে ঢাকা–১৭) ও ঢাকা–৯ (বর্তমানে ঢাকা–১০) আসন থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। সে নির্বাচনে তিনি আরও তিনটি আসনে (ফেনী–১, চট্টগ্রাম–৮, বগুড়া–৭) নির্বাচন করেও জয়ী হয়েছিলেন। পরে ফেনী–১ আসন রেখে ছেড়ে দেন বাকি আসনগুলো।

এরপর আর কোনো নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থীরা ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করেননি। শেখ হাসিনা বিভিন্ন নির্বাচনে একাধিক আসন থেকে নির্বাচনে জয়ী হলেও তিনি বরাবরই গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া) আসনের প্রতিনিধিত্ব করেছেন সংসদে। শেখ হাসিনা ১৯৯১ সালে ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন। তিনি সেবার ঢাকা–৭ (বর্তমানে ঢাকা–৬) ও ঢাকা–১০ (বর্তমানে ঢাকা–১২) আসনে নির্বাচন করেছিলেন।

শেখ মুজিব, খালেদা জিয়া ও শেখ হাসিনাই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী ছিলেন। এর বাইরে বাকি যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সবাই ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধানমন্ত্রী। এই দলে আছেন—এম মনসুর আলী, মশিউর রহমান যাদু মিয়া, শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমেদ ও কাজী জাফর আহমেদ। মনসুর আলী ছিলেন পাবনা–সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য। এছাড়া, মশিউর রহমান রংপুর, শাহ আজিজ কুষ্টিয়া, মিজান চৌধুরী চাঁদপুর, মওদুদ আহমেদ নোয়াখালী ও কাজী জাফর কুমিল্লার সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।

বাংলাদেশের ইতিহাসে তাই তারেক রহমানই হতে যাচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি ঢাকা শহরের একটি আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি হতে যাচ্ছেন ‘রাজধানী ঢাকার’ প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এলপি গ্যাসের ভ্যাট কমাল সরকার
এলপি গ্যাসের ভ্যাট কমাল সরকার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১২:১৭

সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
সংসদ ভবনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০২:৪২

রোজা রেখে ব্যায়াম করলে শরীরে যা ঘটে
রোজা রেখে ব্যায়াম করলে শরীরে যা ঘটে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৯:৩৮


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:১৭






Follow Us