ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে।
১৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনা প্রদান করেছেন। তবে এর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। জনগণ সচেতন না হলে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে, আশা করি অর্থের কোনো সমস্যা হবে না। ডেঙ্গু প্রতিরোধে আদায় করা জরিমানার অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া দুস্থ নাগরিকদের পরিবারকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করা হবে।
আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় অতীতের ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতা ছিল। তারা পার্শ্ববর্তী দেশকে অযাচিত সুযোগ-সুবিধা দিতে গিয়ে দেশের সংকটকে অবহেলা করেছে। অন্যদিকে বর্তমান বিরোধী দল ডেঙ্গু প্রতিকারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি দেয়নি, বরং লংমার্চের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করছে।
হকার ও অটোরিকশাকে ঢাকা শহরের প্রধান দুই সমস্যা উল্লেখ করে তিনি বলেন, হকার ও অটোরিকশাচালকদের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো সমাধান হয়নি। সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আশা করি অচিরেই এসব সমস্যার সমাধান সম্ভব হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available