• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৫৮ (03-Oct-2026)
  • - ৩৩° সে:
ডিএসসিসির উদ্যোগে ঢাবিতে ২০০ ডাস্টবিন স্থাপন

ডিএসসিসির উদ্যোগে ঢাবিতে ২০০ ডাস্টবিন স্থাপন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ২০০টি ডাস্টবিন স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, বায়ুদূষণ ও নগরীর অপরিচ্ছন্নতা মোকাবিলায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আওতায় রাজধানীর ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।৩ অক্টোবর শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে নগরীর সব শিক্ষার্থীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখিয়েছে। বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। শহিদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব।ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং নিয়মিতভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি থেকে জনসচেতনতামূলক র‌্যালি বের হয়ে কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে ডিএসসিসি কর্তৃক স্থাপিত ২০০টি ডাস্টবিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন। এছাড়া ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।‘ক্লিনিং ডে’ উপলক্ষ্যে রাজধানীর মুগদায় একটি জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে অতিথিরা ওয়াসা রোড প্রান্তের মান্ডা খাল পরিদর্শন করেন এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নেন। পরে তারা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় নেতা ও জনগণের অংশগ্রহণে এসব কর্মসূচি পরিচালিত হয়। এসময় বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোসহ বর্জ্য অপসারণ ও অন্যান্য পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।সূত্র: বাসস