অনলাইন ডেস্ক: ঢাকায় চতুর্থবারের মতো শুরু হয়েছে ‘মেড-ইন-পাকিস্তান’ প্রদর্শনী। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ১০০টির বেশি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রদর্শনীতে টেক্সটাইল, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন অ্যাক্সেসরিজসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক খাতের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থী এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে বাড়ছে। তিনি সাম্প্রতিক বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে কয়েকটি পাকিস্তানি ফ্যাশন আউটলেট চালু হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্যও বেড়েছে।
বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন হাইকমিশনার।
ইমরান হায়দার বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায় বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে হাইকমিশন ও বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। তিনি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়াতে প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন প্রদর্শনীগুলোতে অংশ নেবেন। এ ছাড়া যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনে ইপিবি সহযোগিতা করবে। একই সঙ্গে বাংলাদেশের আসন্ন গ্লোবাল সোর্সিং এক্সপো এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৭-এ পাকিস্তানি প্রতিনিধিদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
মোহাম্মদ হাসান আরিফ দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথ উদ্যোগ ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available