ডেস্ক রিপোর্ট: রাজধানীর শনিরআখড়ায় জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালকের মৃত্যু হয়েছে।
১২ জুলাই রোববার রাত সাড়ে ৯টার দিকে শনিরআখড়ার ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রা ভাই এ কে এম আব্দুল্লাহি বাকি জানান, প্রায় দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসরে যান রেজাউল করিম। তিনি দুই ছেলেকে নিয়ে শনিরআখড়ার নিজ বাড়িতে বসবাস করতেন।
তিনি আরও জানান, রোববারের ভারী বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতের এশার নামাজের পর রেজাউল করিম পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট কদমতলী থানাকে জানানো হয়েছে।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available