অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে দুই কোটি টাকার (১ কেজি) স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়।
২ অক্টোবর শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯.৪০ গ্রাম বা প্রায় ১.০৫ কেজি। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। তবে আটক ওই যাত্রীর নাম প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available