• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৪০:০৩ (02-Oct-2026)
  • - ৩৩° সে:
শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে দুই কোটি টাকার (১ কেজি) স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়।২ অক্টোবর শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ১ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯.৪০ গ্রাম বা প্রায় ১.০৫ কেজি। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। তবে আটক ওই যাত্রীর নাম প্রকাশ করা হয়নি।এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।