• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০১:৪৬ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যা, ১৮ মাস পর বেরিয়ে এলো রহস্য

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১১:৩৭

ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যা, ১৮ মাস পর বেরিয়ে এলো রহস্য

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের মহেশপুরে ১৮ মাস আগে নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী কিশোরী নিঝুম খাতুনকে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রেমিক মাশরিকুল রহমান জিমকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নিঝুমের মা মোছা. তাসলিমা খাতুন গত ৮ এপ্রিল মহেশপুর থানায় মেয়ের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন। পরে তিনি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

তদন্তে পুলিশ জানতে পারে, জিমের সঙ্গে নিঝুমের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ১৩ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে জিম তাকে পাবনার ঈশ্বরদী থানার পাকশী রেলস্টেশনে নিয়ে যান। সেখানে বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিঝুমের মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে জিম মরদেহটি গোপন করার উদ্দেশ্যে পাকশীর একটি নির্জন এলাকায় রেখে ট্রেনে করে নিজ এলাকায় ফিরে যান।

এরপর গত বছরের ১৭ মার্চ পাকশী রেলস্টেশন এলাকার একটি নির্জন স্থান থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় মরদেহটি দাফন করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছিল।

দীর্ঘ ১৮ মাস পর নিঝুমের প্রেমিক জিমকে আটক করে পুলিশ। গত ২০ সেপ্টেম্বর তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিঝুমের মরদেহের অবস্থান সম্পর্কে তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ। পরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জিমকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। সেখানে নিঝুম হত্যার ঘটনায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঝিনাইদহের পুলিশ সুপার আশিস বিন হাসান বলেন, পুলিশ ও সাইবার ইনভেস্টিগেশন সেলের সমন্বিত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ