• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫৪:৪৫ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

মামদানির হুমকি ঘিরে উদ্বেগ, নিউইয়র্কে নামছে না নেতানিয়াহুর বিমান

২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:২৫

মামদানির হুমকি ঘিরে উদ্বেগ, নিউইয়র্কে নামছে না নেতানিয়াহুর বিমান

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর সরকারি বিমান ‘উইং অব জিওন’ নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে না নামানোর পরিকল্পনা করা হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে সম্ভাব্য বিরোধ এবং বিমানটি জেএফকে বিমানবন্দরে অবস্থান করা নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানটি নিউ জার্সির কোনো সামরিক ঘাঁটি অথবা নিউইয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে।

নেতানিয়াহুর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর বক্তব্য দেওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায়। বক্তব্য শেষে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ইসরাইলে ফিরে যাবেন। ফলে নিউইয়র্কে রাত কাটানোর পরিকল্পনাও রাখা হয়নি।

নেতানিয়াহুর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সম্পৃক্ততা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর সফর ঘিরে নিউইয়র্কে বিক্ষোভের আশঙ্কাও রয়েছে।

এর আগে নেতানিয়াহুর সফরের অংশ হিসেবে টেক্সাসে গিয়ে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল। পরে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঘিরে নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করা হয়েছে। ইসরাইলের নিরাপত্তা, ইরান এবং দেশটির সামরিক কর্মকাণ্ড নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু ইতিমধ্যে জানিয়েছেন, জাতিসংঘের মঞ্চে তিনি ইসরাইলের অবস্থান তুলে ধরবেন এবং সমালোচনার জবাব দেবেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গে নেতানিয়াহুকে গ্রেফতারের পক্ষে অবস্থান জানিয়েছিলেন। তবে পরে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির পক্ষ থেকে এমন পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা তাঁর রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে ফেডারেল সরকারের ভূমিকা প্রয়োজন।

অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, তিনি জাতিসংঘে গিয়ে ইসরাইলের অবস্থান তুলে ধরবেন। মামদানির সমালোচনারও জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আল-জাজিরা ও রয়টার্স 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ