অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে একটি শপিংমলের পূরবী জুয়েলার্স থেকে সোনা, রুপা ও হীরার প্রায় দুই হাজার ভরি গহনা এবং নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে। চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন’ করা হয়েছিল বলে দাবি করেছে দোকান কর্তৃপক্ষ।
এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশের সন্দেহ করা হচ্ছে।
২৮ নভেম্বর শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও দোকান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার ওই শপিংমলে চুরির ঘটনা ঘটে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চুরি যাওয়া গহনার পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এর মধ্যে সোনা, রুপা ও হীরার গহনা রয়েছে। পাশাপাশি দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে চোরেরা।
দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন; যাদের একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সঞ্জীব শীল আরও জানান, দোকানে তিন থেকে পাঁচজনকে চুরি করতে দেখা গেছে এবং সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তি উপস্থিত ছিলেন। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।
এ ছাড়া ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, দোকান মালিক প্রাথমিকভাবে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গহনা চুরির কথা জানিয়েছেন। শপিংমলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন এবং ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তাও দুই নিরাপত্তাকর্মীর পলাতক থাকা ও চারজনকে সন্দেহভাজন হিসেবে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এটিভি/ এম এই্চ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available