ডেস্ক রিপোর্ট: সিলেটে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব-৯ এর একজন সদস্য নিহত হয়েছেন।
২২ মে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানাযায়, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিলেন। তাঁরা স্থানীয়ভাবে ছিনতাইকারী হিসেবেও পরিচিত। পুলিশের একটি টহল দল তাঁদের দেখে ধাওয়া দেয়। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড় দেন। আসাদুল আলম বাপ্পী নামের এক মাদক ব্যবসায়ী তখন তোপখানা এলাকার রাস্তার দিকে দৌড় দেন। ওই রাস্তায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তখন পায়চারি করছিলেন র্যাবের কনস্টেবল ইমন আচার্য। এ সময় তিনি ওই মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরেন। সঙ্গে সঙ্গে আসাদুল ওই র্যাব সদস্যের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় ইমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, র্যাব সদস্যকে ছুরিকাঘাত করে আসাদুল পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরাও তাঁর পিছু নেন। এ সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে এক শিশুর গলায় চাকু ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাঁকে আটক করেন। এ সময় আসাদুলের কাছে থাকা চাকুটিও জব্দ করেছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available