স্পোর্টস ডেস্ক: এশিয়ার নারী ক্রিকেটের অন্যতম বড় আসর নারী এশিয়া কাপের দশম সংস্করণ আজ ২৮ আগস্ট শুক্রবার শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
আট দলের এই আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
তবে উদ্বোধনী দিনে মাঠে নামছে না বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপের খেলা শুরু হবে আগামীকাল শনিবার, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্রীলংকার ম্যাচ দিয়ে।
বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ৩১ আগস্ট। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ৬ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।
এবারের প্রতিযোগিতায় দুই গ্রুপে চারটি করে দল রয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনাল হবে ১০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও রয়েছে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের সর্বশেষ আসরে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়। এবার তারাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
নারী এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত সাতবার শিরোপা জিতেছে তারা। শ্রীলংকা ও বাংলাদেশ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে ভারত, আর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকার লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available