অনলাইন ডেস্ক: গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেট-সংলগ্ন একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে ভবনের বিভিন্ন স্থানে শ্রমিকসহ বেশ কয়েকজন আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করেছেন।
৩ অক্টোবর শনিবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে ডেগেরচালা এলাকার মেট্রিক্স স্টাইল গার্মেন্টসে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার এক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। সব মিলিয়ে বর্তমানে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বিকেল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available