• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:২৩:৪৫ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৫

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর হরিয়ান স্টেশনের অদূরে পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ‘ট’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢালারচর এক্সপ্রেসটি যাত্রী নিয়ে পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে আসছিল। হরিয়ান স্টেশন অতিক্রম করার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে বগিটির চাকার সঙ্গে থাকা ট্রলির ত্রুটির কথা জানা গেলেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, হরিয়ান স্টেশন থেকে প্রায় ২০০ গজ যাওয়ার পর ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনাটি মূল লাইনে হওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগিটি উদ্ধার ও লাইন সংস্কারের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ফের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ