• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৫৯ (31-Aug-2026)
  • - ৩৩° সে:

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

৩১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৮:৪৪

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মাদক ও অপরাধ দমনে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

৩১ আগস্ট সোমবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়নমূলক ও অন্যান্য কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকার পাশাপাশি বিপুল অর্থ ব্যয়ে কেনা অনেক যন্ত্রপাতি ব্যবহার না করেই নষ্ট হয়ে গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম অর্থনীতিকে ছাড় দেওয়া হবে না।

মাদক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকসেবী ও মাদক কারবারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রেও দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে উপজেলা ও তৃণমূল পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর সেবার মান উন্নত হয়েছে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ