• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৫৬:০৫ (31-Jul-2026)
  • - ৩৩° সে:
কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক: দেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীকাল ১ আগস্ট শনিবার থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।নতুন নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে নতুন যানবাহনের নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়ন করা হবে না।প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে যাত্রী তোলার প্রতিযোগিতা, বেপরোয়া গাড়ি চালানো, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং একাধিক লেন দখল করে যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে যানজট ও দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতিতে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নিয়েছে সরকার।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন পরিবহন কোম্পানির সঙ্গে জিপিএস সংযোজনের বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে। তবে ১ আগস্ট থেকেই সব যানবাহনে এটি পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না। এজন্য আরও কিছু সময় প্রয়োজন।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি যানবাহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস বাধ্যতামূলক। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে তুলছে।এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রযুক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। সুশাসনের সঙ্গে সমন্বয় করেই প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্ভব।বিশ্লেষকদের মতে, সরকারের এ উদ্যোগ ইতিবাচক হলেও পুরোনো ও অনুপযোগী যানবাহনে জিপিএস সংযোজন কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই দীর্ঘমেয়াদি সংস্কার, কঠোর নজরদারি এবং আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।