নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে চালকের হাত-পা বেঁধে ভোজ্য তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ এপ্রিল সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনি ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)।


এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ট্রাক ও নগদ টাকা ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল ও একটি পুলিশের ব্যবহৃত হেলমেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা। পরদিন রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করে অজ্ঞাত ডাকাতদল। পরে তারা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও হেলপারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। সর্বশেষ রাত আনুমানিক সোয়া ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে চালক ও হেল্পারকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available