• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪৩:১৯ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

‘সিটি করপোরেশনকে জনসম্পৃক্ত করতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন’

১১ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:১৩

‘সিটি করপোরেশনকে জনসম্পৃক্ত করতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন’

অনলাইন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) আরও জনসম্পৃক্ত ও কার্যকর করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, ‘ঢাকাবাসীদের ঢাকাকে নিজের মনে করতে হবে। নইলে এই শহরের প্রতি দরদ তৈরি হবে না।’

১০ আগস্ট সোমবার বিকেলে নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে ঢাকাবাসীর জন্য আরও বেশি কিছু করতে পারব বলে আশা করছি। আপনারা এ ব্যাপারে পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকব।’

তিনি বলেন, ঢাকাভিত্তিক যেকোনো উদ্যোগে সিটি করপোরেশন সাংবাদিকদের পাশে থাকবে। একই সঙ্গে তিনি সিটি করপোরেশনকে আরও শক্তিশালী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমরা চাই সিটি করপোরেশন আরও জোরদার হোক। জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। ঢাকা সিটি করপোরেশনের জনগণের সঙ্গে যেভাবে সম্পৃক্ত থাকা দরকার ছিল, সেভাবে নেই।’

তিনি বলেন, ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে ডিএসসিসি। এ মহাপরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

আবদুস সালাম বলেন, ‘আপনাদের লেখনীর মাধ্যমে নাগরিক সমস্যাগুলো যখন উঠে আসে, তখন আমাদের পক্ষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সহজ হয়। তাই গণমাধ্যমকে আমরা উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার মনে করি।’

তিনি বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে পথচলা শুরু করা প্রিয় ঢাকা আজ ৪১৬ বছরে পদার্পণ করেছে। ঐতিহ্য ও গৌরবের দীর্ঘ পথপরিক্রমা উদযাপন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে।

তিনি বলেন, ৪১৬ বছরের পুরোনো এই নগরীর বর্তমান নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের লেখনীতে বস্তুনিষ্ঠভাবে উঠে আসুক-এটাই তাদের প্রত্যাশা।

মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ বলেন, ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের উদ্যোগকে তারা সাধুবাদ জানান। ঢাকাভিত্তিক যেকোনো কার্যক্রমে তাদের সংগঠন সিটি করপোরেশনের পাশে থাকবে বলেও তিনি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন বলেন, ঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে তারা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নগর ভবনের যেকোনো উন্নয়নমূলক বা জনকল্যাণমুখী কাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

সভায় সংগঠনের সহ-সভাপতি এ বি এম রফিকুর রহমান, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি এবং সদস্য গ্যালমান শফি, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন বাদল ও কুশর ইয়াসির উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খাগড়াছড়ির তিন বিদ্যালয়ের সবাই ফেল
খাগড়াছড়ির তিন বিদ্যালয়ের সবাই ফেল
১১ আগস্ট ২০২৬ সকাল ১০:৩২:৫৮








চলচ্চিত্র অভিনেত্রী টেডি মুরের মৃত্যু
চলচ্চিত্র অভিনেত্রী টেডি মুরের মৃত্যু
১১ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৩:৪৭