অনলাইন ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
১১ আগস্ট মঙ্গলবার ঢাকার বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমীন আক্তার অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।
মামলা সূত্রে জানা যায়, ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের কো-অর্ডিনেটর বুলবুল আক্তার গত বছরের ১ মে প্রতিষ্ঠানে যোগদান করেন। চলতি বছরের ১২ মে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে কর্তৃপক্ষ তার মোট পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। তবে অবশিষ্ট ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ২৫ জুন বিকেলে বারিধারায় ৭১ টেলিভিশনের কার্যালয়ে বাদী তার বকেয়া পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার এবং পুনরায় টাকা দাবি করলে প্রাণনাশের হুমকি দেন।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available