ডেস্ক রিপোর্ট: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন আটক করেছেন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উদ্যোগে দুই পরিবারের উপস্থিতিতে আজ শনিবার তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আটক দুই শিক্ষার্থীর মধ্যে ছাত্র বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী।
স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে ওই দুই শিক্ষার্থী রাতে বাগান এলাকায় যাতায়াত করছিলেন। শুক্রবার রাতে তারা বাগানের ভেতরে অবস্থান করলে স্থানীয় কয়েকজন তাদের আটক করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এবং তাদের লিখিত সম্মতির ভিত্তিতে দুই পরিবারের উপস্থিতিতে আজ শনিবার সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আটক ছাত্র শিক্ষার্থী বলেন, ‘গত সাত-আট মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। আমি তাকে ভালোবাসি এবং বিয়ে করতে রাজি আছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পর দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। আজ দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available