• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:০২:১৪ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রেমঘটিত বিরোধে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৩

২৪ জুলাই ২০২৬ রাত ০৮:২৭:০৮

প্রেমঘটিত বিরোধে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রেমঘটিত ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২৩ জুলাই বৃহস্পতিবার গভীর রাত থেকে ২৪ জুলাই শুক্রবার দুপুর পর্যন্ত চলা এ ঘটনায় অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি প্রেমঘটিত বিরোধের জেরে প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশরাফুল হক হলের কয়েকজন শিক্ষার্থী শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তাকে হুমকি দেন।

এর কিছুক্ষণ পর, রাত সাড়ে তিনটার দিকে শহীদ শামসুল হক হলের ৬০-৭০ জন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে আশরাফুল হক হলে গিয়ে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। হামলায় হলের জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। রাতের ওই ঘটনায় অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার দুপুরে আব্দুল জব্বার মোড় এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আরও চারজন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘মধ্যরাতের সংঘর্ষের পর প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার জুমার নামাজের পর আবারও সংঘর্ষ শুরু হয়।’

তিনি বলেন, ‘তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনা তদন্তে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৫:১৭



Follow Us