নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং সব পক্ষকে উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে শান্ত থাকার আহ্বান জানান।


পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, ‘গতকাল ও আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতি ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে। তার ভাষ্য, দুটি ঘটনাই গুপ্ত রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে।’ তিনি বলেন, এসব ইস্যুতে ছাত্রদল দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নতুন করে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে এবং কারও উসকানিতে প্রতিক্রিয়া না দেখায়।

তবে তিনি অভিযোগ করেন, একটি ‘নির্দিষ্ট গোষ্ঠী’ পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি সালাহউদ্দিন আম্মার-এর নাম উল্লেখ করে তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে উসকানিমূলক বলে দাবি করেন।
রাকিব বলেন, মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। তিনি অশ্লীলতা, ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে রাজনৈতিক সমালোচনা বা রাজপথে কর্মসূচি থাকতে পারে, কিন্তু শিক্ষাঙ্গনের পরিবেশ অস্থিতিশীল করা কাম্য নয়।
পোস্টের শেষাংশে তিনি ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা সামনে আসে। এসব ঘটনার প্রেক্ষাপটে রাকিবুল ইসলাম রাকিবের এই বক্তব্যকে পরিস্থিতি প্রশমনের আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available