অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজার দীর্ঘ আট দিনের ছুটি কাটিয়ে অবশেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য। ২৪ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী যান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে। তবে বন্দর বন্ধ থাকলেও এই ছুটির দিনগুলোতেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকেও ১১টি ট্রাক ভারতে প্রবেশ করেছে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক এবং বাংলাদেশ থেকে প্রায় দুই’শ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দুর্গাপূজার সরকারি ছুটির সুবাদে টানা আট দিন বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ শনিবার সকাল থেকে তা আবার সচল হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, পূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্য আনা-নেওয়া পুরোদমে শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available