নিজস্ব প্রতিবেদক: ৪৮ দিন আটকে থাকার পর অবশেষে এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান কর্তৃক বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার পর ১৭ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে প্রণালী অতিক্রম করা শুরু করে জাহাজটি।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে। রাত ৩টার দিকে এটি প্রণালী অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


১৮ এপ্রিল শনিবার সকালের লাইভ ট্র্যাকিং রিপোর্ট অনুযায়ী জাহাজটি ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। পারস্য উপসাগর হয়ে জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জাহাজটি দীর্ঘদিন আটকে ছিল। সর্বশেষ রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন-এর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেখানে অবস্থান করতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশ্যে রাস আল খায়ের ত্যাগ করে। ১০ এপ্রিল হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলেও ইরানি কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। ফলে জাহাজটি নিরাপদ দূরত্বে নোঙর করে অপেক্ষা করতে থাকে।
বিএসসির তথ্য অনুযায়ী, জাহাজটি ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সেটি পরিবর্তন করা হয়। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে নতুন ভ্রমণ পরিকল্পনা নির্ধারণ করা হয় এবং রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available