অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকির কারণে আগাম সতর্কতা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। তবে ওয়েবসাইটের কার্যক্রম স্থগিত থাকলেও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন সংযোগ ও দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম একদম স্বাভাবিক রয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি হওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে ওয়েবসাইটটি বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মকর্তারা সাইবার ঝুঁকি পর্যবেক্ষণ ও ওয়েবসাইটের সিকিউরিটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা হবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ওয়েবসাইটটি ঠিক কবে নাগাদ আবার সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেননি। সেখানে শুধু 'রক্ষণাবেক্ষণ কাজ চলছে' সংক্রান্ত একটি বার্তা দেখা গেছে।
উল্লেখ্য, জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’ (PHP)-তে মারাত্মক সিকিউরিটি ত্রুটি ধরা পড়ার পর সারাবিশ্বেই সাইবার নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়। এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে 'ক্যালিফ' ও 'উইজ' নামের দুটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এই বড় ত্রুটিটি চিহ্নিত করে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও সম্ভাব্য সাইবার হামলা নিয়ে সতর্কতা বার্তা জারি করেছে।
এর আগে ২০১৬ সালেও ভয়াবহ সাইবার আক্রমণের শিকার হয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকাররা রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়, যার জেরে তৎকালীন গভর্নর আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়েছিল।
এটিভি/ আর এম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available