ডেস্ক রিপোর্ট: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
৬ সেপ্টেম্বর রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক লালপোল এলাকায় পৌঁছে হঠাৎ ব্রেক কষে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে উল্টে যায়।
এতে বাসের অন্তত ১১ যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ যাত্রীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুটি রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available