ডেস্ক রিপোর্ট: কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
বাসটিতে তখন ৩০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। এতে কোনো যাত্রী হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। এ সময় বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।
পরে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও বের করে তাদের বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের সাত সদস্য নিয়ে কক্সবাজারে বেড়াতে আসা যাত্রী সোহেল রানা বলেন, স্থানীয় লোকজন দ্রুত জানালার কাচ ভেঙে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরেক যাত্রী মোহাম্মদ আলী বলেন, প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন দেখতে পান তারা। তবে শুরুতে বাসচালক বা সহকারী বিষয়টি যাত্রীদের জানাননি বলে অভিযোগ করেন তিনি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বাস কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে যাত্রীদের বিকল্প পরিবহনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
সূত্র: ঢাকা পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available