নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৭ আগস্ট শুক্রবার সকালে বন্দর উপজেলার ফুলহর এলাকায় এই আগুনের ঘটনা ঘটেছে। দগ্ধদের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন এবং সবার অবস্থাই সংকটাপন্ন।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, সকালে বাসার ভেতরে সিগারেট ধরাতে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, আগে থেকেই গ্যাসের লিকেজ থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। আগুনের উৎস সৃষ্টি হতেই বিস্ফোরণ ঘটে এবং পরিবারের তিন সদস্য দগ্ধ হন।
চিকিৎসক জানান, দগ্ধদের সঙ্গে কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি হাসপাতালে উপস্থিত না থাকায় দুর্ঘটনাস্থলের সুনির্দিষ্ট ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, এ ঘটনায় আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available