মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আশিক হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা সদরের পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আশিক হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। আহত মো. আলামিন (৩০) বর্তমানে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাগরপুরের বাড়িগ্রাম এলাকা থেকে মোটরসাইকেলে করে আশিক ও আলামিন পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘিওরের পঞ্চরাস্তা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আলামিনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ‘নিহত তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available