চুয়াডাঙ্গা প্রতিনিধি: যাত্রীরা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে আলমসাধুযোগে খালিশপুর থেকে দর্শনাতে ফিরছিল। পথে উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে দুটি শিয়াল সামনে চলে আসে। এ সময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু উল্টে সন্ধ্যা রানি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ নারী-পুরুষ।


১৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার কাছে এ দুর্ঘটনা হয়।
নিহত সন্ধ্যা রানি (৬৩) দর্শনা রামনগর বাগদিপাড়ার দুলালের স্ত্রী। আহতরা হলো- দুলালের মেয়ে বাদোলি রানি (৩০), কুমার মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪৫), বিকাশ মন্ডলের স্ত্রী রিকা রানি (৪০), খোকনের স্ত্রী শেফালী (৪৫), গোপালের স্ত্রী সন্ধ্যা (৫০), ঠাকুর বিশ্বাসের স্ত্রী জোসনা (৫০), চিত্তের স্ত্রী চায়না (৩০), কোমলের ছেলে টুকুল (৩০), সুনিলের ছেলে অশোক (৪০), আব্দুল জলিলের ছেলে আলমসাধু চালক মিলন (৩০)। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তারা সবাই চুয়াডাঙ্গার দর্শনা রামনগর গ্রামের বাগদী পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, তারা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাপি বিক্রি শেষে আলমসাধুযোগে খালিশপুর থেকে দর্শনাতে ফিরছিল। পথে উথলী মালোপাড়ার কাছে পৌঁছালে দুটি শিয়াল সামনে চলে আসে। এ সময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুতে থাকা নারী-পুরুষরা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সন্ধ্যা রানি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু বলেন, ‘উথলী মালোপাড়ায় আলমসাধু উল্টে ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে শুনেছি।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available