হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পিতা ও পুত্র। ১৬ মে শনিবার রাত ১০টার দিকে সড়কের পোদ্দারবাড়ি এলাকায় একটি চলন্ত ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।


স্থানীয়রা জানান, রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকিরকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ধুলিয়াখাল ডাক্তার দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্রের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available