ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় দুই বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তার স্বামী প্রবাসী। তিশা খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে রমজান পরিবহনের একটি বাসের সঙ্গে তাসফিয়ার দুর্ঘটনা ঘটে। এতে তিনি সড়কে ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে চাপা পড়েন।
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, দুর্ঘটনার পর তাসফিয়াকে সড়কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তার স্বজনদের খবর দেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর রমজান পরিবহনসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির সহকারীকে আটক করা হয়েছে।
তবে দুর্ঘটনার সময় তাসফিয়া হেঁটে যাচ্ছিলেন, নাকি মোটরসাইকেলে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাসফিয়া। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: দৈনিক যুগান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available