নিজস্ব প্রতিবেদক : দেশের ছয়টি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহীসহ মোট ৬টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির এই স্বস্তির আবহের মধ্যেই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ দেশের ছয়টি বিভাগে এবং পরবর্তী দিনগুলোতে আটটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে পরবর্তী কয়েকদিন দেশের আটটি বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রবিবার থেকে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। ৩০ মার্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৩১ মার্চ থেকে তা আবারও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available