ডেস্ক রিপোর্ট: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ মার্চ মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে লাইভ এসে নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হবে।
হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, শপথ নেওয়ার পর তিন সপ্তাহে তিনি এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও সরকারি সেবাসমূহের তথ্য সংগ্রহ করছেন। দেবীদ্বার উপজেলায় বর্তমানে একাধিক সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে, যা সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।


তিনি ঠিকাদারদের উদ্দেশে বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

লাইভে সংসদ সদস্য ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও ১৫টি ইউনিয়নে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের তথ্যও তুলে ধরেন। পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং ইউনিয়নগুলোতে মোট ২০ হাজার ৬৩৫টি কার্ড বিতরণ করা হবে, প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। তিনি প্রার্থীদের নির্দেশ দেন, প্রকৃত উপকারভোগীদের মধ্যে এই কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে।
এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ ও ১০টি অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নের তথ্য দিয়েছেন। দুটি খাল পুনঃখননের পরিকল্পনাও তিনি জানিয়েছেন।
সংসদ সদস্য বলেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এতে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য জনগণ জানতে পারবেন। তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available