• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:২৯:২৮ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর মেহেরপুর থেকে উদ্ধার

১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:২১:২৭

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর মেহেরপুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের দীর্ঘ পাঁচ মাস পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) মেহেরপুর জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

​এর আগে ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই কিশোরী ফতুল্লার ভোলাইল নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম নাঈম আল হাসান (১৮)। তিনি মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড়ে বিজিবির নতুন বিওপি

​পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর মা সৌদি আরবপ্রবাসী হওয়ায় সে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকায় নানির সঙ্গে বসবাস করত। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো’র মাধ্যমে নাঈম আল হাসান বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো। গত ৬ জুন সকাল ১০টার দিকে বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে নাঈম তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করেন। পরে ছাত্রীর নানিকে মুঠোফোনে হুমকি দিয়ে জানানো হয়, পুলিশের কাছে গেলে নাতনিকে আর জীবিত পাওয়া যাবে না।

​এ ঘটনায় অপহৃতার নানি বাদী হয়ে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তসহ ভুক্তভোগীকে উদ্ধারের নির্দেশ দেন। তদন্তভার পেয়ে পিবিআই নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমের হেফাজত থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।

​উদ্ধারের পর বৃহস্পতিবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।

আরও পড়ুন

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা ২টি পিকআপে অগ্নিসংযোগ

​এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আদালতের নির্দেশে তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীকে অক্ষত অবস্থায় মেহেরপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ অপহরণের ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য অভিযুক্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মামলার সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ