জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার এবং মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে আগামী ৩ দিনের মধ্যে মাদক কারবারিদের এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
১ অক্টোবর রোববার বিকেলে এই এলাকার মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হন শত শত বিক্ষুব্ধ মানুষ। উদ্দেশ্য এলাকা থেকে মাদক নির্মূল এবং চিহ্নিত মাদক কারবারিদের আইনের আওতায় আনা।
পানাতিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন নারী, পুরুষ ও ছাত্রসহ সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মজ্জুদ আলী ও রোকেয়া বেগমের বাড়ির সামনে অবস্থান নিয়ে অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান।
বিএনপি নেতা আবদুল আউয়াল বলেন,আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হোক। তারা আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা এদের দ্রুত শাস্তি চাই।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩ দিনের মধ্যে মাদক কারবারিরা এলাকা না ছাড়লে এবং প্রশাসন তাদের গ্রেফতার না করলে, পরবর্তীতে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বড় ধরনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মাদকমুক্ত ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available